donate cover

সংবাদ ও মিডিয়া কভারেজ

দেশ-বিদেশে অসহায়দের পাশে হাফেজ্জী চ্যারিটেবল

গাজা, সুদান এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রম চালাচ্ছে সেবাসংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি)। খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি আহত ও অসুস্থদের চিকিৎসা সহায়তা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং শীতকালীন সুরক্ষাসামগ্রী দিচ্ছে সংস্থাটি।


প্রাপ্ত তথ্যমতে, গাজায় যুদ্ধের কয়েক মাস পর থেকে স্থানীয় সমন্বয়ের মাধ্যমে গাজায় জরুরি চিকিৎসা সহায়তা, রান্না করা গরম খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত রেখেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে সেখানের ছয়টি হাসপাতালে সেবামূলক কাজ চালাচ্ছে সংস্থাটি।


সেসব কাজের বিস্তারিত প্রতিবেদন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরায় প্রকাশিত হয়েছে।

এদিকে সুদানে চলমান ভয়াবহ গৃহযুদ্ধে বাস্তুচ্যুত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে হাফেজ্জী। সেখানে জরুরি চিকিৎসা সহায়তা, বিশুদ্ধ পানি সরবরাহ, খাদ্য বিতরণ এবং সংকটকবলিত জনগোষ্ঠীর জন্য পুনর্বাসনমূলক কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি শরণার্থী ও দুর্যোগপীড়িত মানুষের জন্য ত্রাণ তহবিল সংগ্রহ ও বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।


এ ছাড়াও দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য কাজ করছে সংস্থাটি। চিকিৎসা সহায়তা, নওমুসলিমদের সার্বিক পুনর্বাসন, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, নলকূপ স্থাপন, মক্তব ও স্কুল প্রতিষ্ঠা, শীতবস্ত্র বিতরণ, রমজানের বাজার ও ঈদ উপহার বিতরণ করছে অসহায় মানুষদের মাঝে।


সংস্থাটির পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ বলেন, ‘আমাদের প্রতিটি কাজের ছবি, ভিডিও ও সংক্ষিপ্ত প্রতিবেদন নিয়মিতভাবে প্রকাশ করছি। এতে দাতা ও সাধারণ মানুষের কাছে কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা তৈরি হচ্ছে।


যাচাইযোগ্য আপডেট, সময়-তারিখসহ নথিভুক্ত কার্যক্রম এবং ধারাবাহিক রিপোর্টিংয়ে আমরা সবসময় স্বচ্ছতা বজায় রাখছি।’

জানা গেছে, হাফেজ্জী চ্যারিটেবল দেশ ও বিদেশের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় বাংলাদেশ ও ইউরোপ থেকে মিশর হয়ে গাজা ও সুদানে মানবিক সহায়তা অব্যাহত রেখেছে। এ কার্যক্রমের জন্য মিশরের ফিলিস্তিনি রাষ্ট্রদূত, মিশরীয় রেড ক্রিসেন্ট, ইজিপশিয়ান হিউম্যান রাইটস সংগঠন, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলারগণ, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও কানাডার মানবাধিকার ও আইন বিশেষজ্ঞ এবং ইজিপ্ট ইয়ুথ সার্কেলের প্রতিনিধিরা সংস্থাটির উদ্যোগের প্রশংসা করেছেন।


পুড়ো সংবাদটি দেখতে এখানে ক্লিক করুন

সর্বশেষ খবরসমূহ