

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাভারে ১৫০ অসহায় প্রতিবন্ধী পরিবারকে মাসব্যাপী খাদ্য সহায়তা ও হুইলচেয়ার দিয়েছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি)।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সাভারের চাপাইন নিউ মডেল হাই স্কুল প্রাঙ্গণে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের হুইলচেয়ার প্রস্তুত ও বিতরণের জন্য অর্থ বরাদ্দ করা হয়। সব মিলিয়ে এই উদ্যোগে মোট ৭ লাখ টাকা সহায়তা দিয়েছে সংস্থাটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির সভাপতি মাওলানা মাহফুজুল হক, উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আবু নাসের ইলিয়াস, উপদেষ্টা অধ্যাপক মাওলানা আবেদ আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আমিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মো. আব্দুল কাইয়ূম।
জানা গেছে, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি আন্তর্জাতিক অঙ্গনেও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। সংস্থাটি এর মধ্যে গাজা, সুদান, নেপাল ও তুর্কিতে মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। সংগঠনের সেবা কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও আলজাজিরা সরাসরি সংকটাপন্ন অঞ্চল থেকে সংবাদ প্রকাশ করেছে।
সংগঠনের মহাপরিচালক মুহাম্মদ রাজ এবং সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহিম খলিল এক যৌথ বিবৃতিতে জানান, প্রতিবন্ধী পরিবারগুলোর চিকিৎসা, পুনর্বাসন, নিরাপত্তা ও মৌসুমি মানবিক সহায়তা টেকসইভাবে পরিচালনার জন্য দেশ-বিদেশের দাতাদের সহযোগিতা অত্যন্ত জরুরি।
তারা সামর্থ্যবান ব্যক্তিদের জাকাত, ফিতরা, সদকায়ে জারিয়া ও সাধারণ দানের মাধ্যমে এই মানবিক উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান।
সম্পূর্ণ আর্টিকেল দেখতে এই লিংক অনুসরণ করুন